পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের প্রাচীন মূর্তি উদ্ধার
- আপডেট সময় : ০১:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২৭৫ বার পড়া হয়েছে

পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের প্রাচীন মূর্তি উদ্ধার
পারিবারিক কবরস্থানে আমগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় মিলল প্রত্নসম্পদ
নওগাঁর পোরশা থানাধীন নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামে একটি পারিবারিক কবরস্থান থেকে ১৩৭ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
গত ২৫ ফেব্রুয়ারি, বুধবার দিবাগত রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে পোরশা থানা পুলিশ। সংবাদ পাওয়ার পর পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল রাত ১১টা ৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশ জানায়, শীতলী গ্রামের জনৈক রহমতের বাড়ির পশ্চিম পাশে পারিবারিক কবরস্থানের মাঝামাঝি স্থানে একটি আমগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার একটি মূর্তি দেখতে পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারকে অবহিত করা হলে বিধি মোতাবেক মূর্তিটি উদ্ধার করার নির্দেশ দেওয়া হয়।
উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি এবং ওজন প্রায় ১৩৭ কেজি। উপস্থিত সাক্ষীদের সামনে মূর্তিটি জব্দ করা হয়েছে এবং বর্তমানে তা থানা হেফাজতে রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কষ্টিপাথরের এই মূর্তিটি কয়েক শতাব্দী কিংবা তারও প্রাচীন সময়ের এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সম্পদ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।




















