পুঠিয়ায় মন্দিরের জমি দখলচেষ্টা রুখে দিল উপজেলা প্রশাসন, জরিমানা ২০ হাজার টাকা
- আপডেট সময় : ০১:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২৩৫ বার পড়া হয়েছে

পুঠিয়ায় মন্দিরের জমি দখলচেষ্টা রুখে দিল উপজেলা প্রশাসন, জরিমানা ২০ হাজার টাকা
অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ; পাঁচ কার্যদিবসের মধ্যে অপসারণের নির্দেশ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মন্দিরের পবিত্র জমি দখল করে অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টার ঘটনায় কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে পুঠিয়া–তাহেরপুর সড়কের মোড়ে অবস্থিত একটি মন্দিরের জন্য বরাদ্দকৃত জমিতে অবৈধ দখল ও নির্মাণকাজের তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, কোনো প্রকার অনুমোদন ছাড়াই নিয়মবহির্ভূতভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চলছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি অবৈধভাবে দখলের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্ত ব্যক্তিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে নিজ দায়িত্বে সকল অবৈধ স্থাপনা অপসারণের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
এদিকে একই দিন দুপুর ১২টার দিকে পুঠিয়া পৌরসভা এলাকার তাহেরপুর রোড সংলগ্ন বিভিন্ন স্থানে ভেজালবিরোধী বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, সরকারি খাসজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখলের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বেআইনিভাবে সরকারি কিংবা দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, পুঠিয়ায় সরকারি খাসজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।



















