পবা–মোহনপুরের সার্বিক উন্নয়নে কাজ করা হবে : অ্যাডভোকেট শফিকুল আলম মিলন
- আপডেট সময় : ০৩:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৩২৯ বার পড়া হয়েছে

পবা–মোহনপুরের সার্বিক উন্নয়নে কাজ করা হবে : অ্যাডভোকেট শফিকুল আলম মিলন
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল আলম মিলন দামকুড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান। এ সময় তিনি একাধিক নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
প্রচারণাকালে পাড়া-মহল্লায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এলাকাবাসী তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন। অ্যাডভোকেট মিলন মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং নির্বাচনে বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।
তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৮ বছর ধরে ক্ষমতার বাইরে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে দৃশ্যমান কাজ হয়েছে। পরবর্তীতে দীর্ঘদিন ক্ষমতায় থেকেও আওয়ামী লীগ সরকার জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। বিভিন্ন প্রকল্পের অর্থ লুটপাট করে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।
অ্যাডভোকেট মিলন আরও বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ ও দেশের উন্নয়নই হবে মূল লক্ষ্য। তিনি জানান, পবার দামকুড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। ভেঙে যাওয়া রাস্তাগুলো দ্রুত সংস্কার এবং কাঁচা রাস্তাগুলো পাকা করা হবে।
পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ এবং দীর্ঘদিন বন্ধ থাকা শীতলাই রেলওয়ে স্টেশন পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এর মাধ্যমে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপির ওপর দীর্ঘদিনের নির্যাতন ও দমন-পীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারী সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেননি, মিথ্যা মামলায় হয়রানি ও কারাবন্দি করা হয়েছে। সকল নির্যাতন সহ্য করেও বিএনপি আজ টিকে আছে। এখন সময় এসেছে দেশ গড়ার।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রচারণাকালে প্রার্থীকে ঘিরে ধরে এলাকাবাসী তার সঙ্গে কথা বলেন এবং দোয়া করেন। অনেকেই ধানের শীষে ভোট দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কনক, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ।




















