নাটোরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত দুই!
- আপডেট সময় : ০৪:৪৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৩৭৭ বার পড়া হয়েছে

নাটোরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত দুই!
বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
আসন্ন নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার সময় চেয়ারম্যান প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান এবং অপর চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম এর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৩ মে শুক্রবার দুপুরে নাটোর সদরের জংলী বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে দুই চেয়ারম্যান প্রার্থীর দুইজন সমর্থক আহত হয়েছে বলে জানা গেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলাম রমজান এর সমর্থক জংলি এলাকার আলাউদ্দিনের ছেলে আজগর আলী জংলী বাজারে সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালাচ্ছিল। এসময় অপর চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল ইসলাম মাসুম সমর্থক একই এলাকার আলী হোসেনের ছেলে রানা সহ ৫ থেকে ৭ জন ব্যক্তি তাদেরকে বাধা দিলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় রমজান সমর্থক আজগর আলী ও মাসুমের সমর্থক রানা আহত হয়। খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রানা ও আজগর তাদের দুজনকেই আহত অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। রমজানের সমর্থক আজগর আলী প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেলেও মাসুমের সমর্থক রানা সেখানেই চিকিৎসাধীন আছেন।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আগামী ৮ মে নাটোর সদর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




















