নাটোরের একডালা থেকে যুবকের মরদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
- আপডেট সময় : ০২:৪১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ২৯৯ বার পড়া হয়েছে

নাটোরের একডালা থেকে যুবকের মরদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
সবজির দোকানে যাওয়ার পথে নিখোঁজ, বিকেলে ঘরের ভেতর পাওয়া যায় মরদেহ
নাটোর সদরের একডালা এলাকা থেকে রফিকুল ইসলাম শাহীন নামের ৪০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার একডালা মেহেন্দিতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রফিকুল ইসলাম শাহীন একডালা মেহেন্দিতলা এলাকার রওশন আলীর ছেলে। তিনি পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন এবং চাঁদপুর এলাকায় তার একটি সবজির দোকান ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে সবজির দোকানের উদ্দেশ্যে রওনা হন শাহীন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি দোকানে না পৌঁছানোয় পরিবারের লোকজন তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে স্থানীয় এক অপ্রকৃতস্থ ব্যক্তি পরিবারের সদস্যদের জানান, মেহেন্দিতলা এলাকার একটি ঘরের ভেতরে শাহীনের মরদেহ পড়ে আছে।
খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন থাকায় পুলিশ ও পরিবারের সদস্যদের ধারণা, তাকে কোনো কিছুর আঘাতে হত্যা করা হতে পারে।
এ বিষয়ে পুলিশ জানায়, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত শুরু করা হবে।
হঠাৎ এমন ঘটনায় পরিবার ও এলাকাবাসী আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েছে। নিহতের সঙ্গে কারো বিরোধ ছিল কি না—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পরিবার।


















