ঠাকুরগাঁওয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা; পুলিশের অসহযোগীতার অভিযোগ!
- আপডেট সময় : ০২:৩৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২ ২২৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা; পুলিশের অসহযোগীতার অভিযোগ!
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা; পুলিশের অসহযোগীতার অভিযোগ! জমি বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ে সমসের আলী নামে (৮০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভোর রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাদুবান্দা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পুলিশের অসহযোগীতার কারনেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির।
স্থানীয় ও জনপ্রতিনিধিরা জানান, বুধবার (৩০ নভেম্বর) ওই ইউনিয়নের সাদুবান্দা গ্রামের আব্দুর রহিম ও প্রতিপক্ষ সামসুলের সাথে জমি বিরোধ হয়। এসময় আব্দুর রহিমের লোকজন সামসুলের লোকজনের উপড় হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তিতে সামসুলদের কাউকে না পেয়ে ভোর রাতে তার চাচাতোভাই সমসের আলীকে একা পেয়ে কুপিয়ে হত্যার পর ফেলে রেখে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
হত্যার ঘটনার পর নিহত সমসের আলীর ছেলে ফজিল জানান, আগের দিন আব্দুর রহিমের লোকজন আমাদের পিটিয়ে আহত করেও তারা শান্ত হননি। পরে রাতে তাদের লোকজনই বাবাকে হত্যা করে তারা৷
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা সাংবাদিকদের জানান, গতকাল জমি নিয়ে বিরোধ হবে এমন ঘটনা জানতে পেরে সামসুলের ছেলে মকলেস থানায় বিষয়টি অবগত করেন। এসময় থানা পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয় লিখিত অভিযোগ প্রদানের জন্য। কিন্তু লিখিত অভিযোগ প্রদান সময়ের ব্যাপার জানালেও পুলিশ তাৎক্ষনিকভাবে সহযোগীতা না করায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। পরে ভোর রাতে আবারও দূর্বৃত্তরা এ হত্যাকান্ড ঘটায়।
তিনি আরো বলেন, আজ পুলিশের অসহযোগীতার কারনেই হত্যার মত ঘটনা ঘটেছে। বালিয়াডাঙ্গী থানা পুলিশ যদি গতকালই ব্যবস্থা নিতেন তাহলে এ ঘটনা ঘটানোর সাহস পেতে না দূর্বৃত্তরা। পুলিশকে জানানোর পরেও তারা অবহেলা করেছেন কোন ব্যবস্থা নেননি। এ কারনেই পাশের ইউনিয়ন ভানোরে গত ৩ সেপ্টেম্বর শাকিল নামে একজনকে হত্যার রেশ কাটতে না কাটতেই আজ দুওসুও ইউনিয়নে আরেকটি হত্যা হলো। যা কাম্য নয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খয়রুল আনাম এ বিষয়ে জানান, জমি বিরোধে বিষয়ে আমাকে কেউ ফোন করেনি। তারা ৯৯৯ এ ফোন করেছিল। সেখান থেকে জানানোর পর তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ছে। এখানে অসহযোগীতার বিষয়টি সত্য নয় বলে জানান তিনি।



















