জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বাগাতিপাড়ায় ৩০ লাখ টাকার বেশি ঋণের চেক বিতরণ
- আপডেট সময় : ০৯:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বাগাতিপাড়ায় ৩০ লাখ টাকার বেশি ঋণের চেক বিতরণ
র্যালি, আলোচনা সভা, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে দিবস পালন
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী, ঋণের চেক ও গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হাফিজার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম কুমারের স্বাগত বক্তব্যের পর বক্তব্য দেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায় এবং স্থানীয় সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ মোহাম্মদ জামিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিআরডিবির উপকারভোগীরা।
বক্তারা বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনও গ্রামীণ এলাকায় বসবাস করেন। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, ক্ষুদ্র ও কুটির শিল্প এবং গ্রামীণ উদ্যোক্তাদের কার্যক্রম জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই টেকসই জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষে ১৫ জন উপকারভোগীর মধ্যে ৫ লাখ ৮০ হাজার টাকার ক্ষুদ্রঋণ এবং ১৯ জনের মধ্যে ২৪ লাখ ২৫ হাজার টাকার এসএমই ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


















