ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- আপডেট সময় : ০৪:২০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৩৪৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
দলের সিদ্ধান্ত ও তারেক রহমানের পরামর্শে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গোলাম মর্তুজা তুলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঠাকুরগাঁও-২ আসনের বিএনপির স্বতন্ত্র প্রার্থী গোলাম মর্তুজা তুলা তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা কালেক্টরেট হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানার হাতে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন।
মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে গোলাম মর্তুজা তুলা বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, দলীয় ঐক্য ও বৃহত্তর রাজনৈতিক স্বার্থ বিবেচনায় রেখে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মনোনয়ন প্রত্যাহারের পর ঠাকুরগাঁও-২ আসনে মোট ৭ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।




















