ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ১১:৩৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ২৩২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডিবি ও ভূল্লী থানার পৃথক অভিযানে উদ্ধার ৯১ পিস ইয়াবা ও ১০ পিস নিষিদ্ধ ট্যাবলেটন
ঠাকুরগাঁওয়ে পৃথক তিনটি অভিযানে ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ভূল্লী থানা পুলিশ। এসব অভিযানে মোট ৯১ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রোববার গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ডিবি পুলিশের পৃথক অভিযানে শনিবার বিকেল ও রাতে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে ঠাকুরগাঁও পৌরসভার ডায়াবেটিস হাসপাতাল মোড় এলাকা থেকে বালিয়াডাঙ্গী উপজেলার ঝিগড়া দলুয়া গ্রামের সমির উদ্দিনের ছেলে মো. সালাম (৪২) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তিনি বালিয়াডাঙ্গী থেকে ইয়াবা এনে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
পরবর্তীতে রাতে পৌরসভার রোড এলাকার কামাল মার্কেট সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে ইসলামনগর এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে মো. রবিউল আউয়াল (৪৭) এবং ছিট রহিমানপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. শাহাজাহান আলী (৪২) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে ভূল্লী থানার পৃথক অভিযানে খলিশাকুড়ি পোস্ট অফিসপাড়া এলাকার মৃত গাজিম উদ্দীন সরকারের ছেলে মো. হুমায়ুন কবির (৩৬) কে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ১০ পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক সংগ্রহ করে মাদকসেবীদের কাছে বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল বলেন, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মাদকের উৎস শনাক্তে তদন্ত চলছে।



















