বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন
- আপডেট সময় : ১০:৪৪:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন
বাউয়েট প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) অনুষদের উদ্যোগে আগামী ১৩ ও ১৪ আগস্ট ২০২৬ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে IEEE International Conference on Signal Processing, Information, Communication and System (SPICSCON 2026)।
বাউয়েটের সার্বিক তত্ত্বাবধানে এবং IEEE Bangladesh Section ও IEEE Signal Processing Society, Bangladesh Chapter-এর সহযোগিতায় এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী এ সম্মেলনে গবেষক, শিক্ষক, প্রকৌশলী, শিক্ষাবিদ ও শিল্পখাতের বিশেষজ্ঞরা তাঁদের সাম্প্রতিক গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। একই সঙ্গে আন্তঃবিষয়ক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ আরও জোরদার হবে।
SPICSCON 2026-এ ১৮টি দেশের ১০৯টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১ হাজার ৪১টি গবেষণাপত্র জমা পড়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন পিয়ার-রিভিউ প্রক্রিয়া শেষে ৩২৮টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। বিপুলসংখ্যক বিদেশি গবেষকের অংশগ্রহণ সম্মেলনটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও গবেষণাক্ষেত্রে সুনামের প্রতিফলন বলে আয়োজকরা জানিয়েছেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি), জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন।
বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান সম্মেলন আয়োজনে সহযোগিতাকারী সকল প্রতিষ্ঠান, স্পন্সর, আয়োজক কমিটি, রিভিউয়ার, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
তিনি আশা প্রকাশ করেন, SPICSCON 2026 বাউয়েট তথা বাংলাদেশের আন্তর্জাতিক প্রকৌশল গবেষণা ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় একটি স্মরণীয় মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কনফারেন্সের সভাপতি ও ইইই বিভাগের প্রফেসর ড. মো. ওসমান গনি এবং কনফারেন্সের লোকাল অ্যারেঞ্জমেন্ট সভাপতি ও ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা।


















