নাটোরে ৪ কোটি টাকার হেরোইন উদ্ধার; গ্রেফতার দুই!
- আপডেট সময় : ১১:৩২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ২৬২ বার পড়া হয়েছে

নাটোরে ৪ কোটি টাকার হেরোইন উদ্ধার; গ্রেফতার দুই!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ৪ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি টাটা ট্রাক জব্দ করা হয়। সোমবার (২১ আগস্ট) দিবাগত রাত সোয়া তিনটার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ওই ট্রাকের ড্রাইভার চাঁপাইনবাবগঞ্জ সদরের সাহেব পাড়ার আব্দুস সাত্তারের ছেলে সাগর আলী (২১) এবং চালকের সহকারি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ব্রাক্ষ্মনগাঁও গ্রামের সেলিমের ছেলে সালাহ উদ্দিন (২১)। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য জানান নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম।
পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রেস ব্রিফিং এ বলেন, সোমবার দিবাগত রাতে নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস মোড় এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকাগামী পাথর বোঝাই একটি টাটা ব্রান্ডের ট্রাকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বহন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাইপাস মোড়ে ঢাকা মেট্রো ট-১২-০৬৬৮ নাম্বারের ট্রাকটি এলে সেটিকে থামিয়ে পুলিশ তল্লাশি চালায়। তল্লাশির সময় ট্রাকের ড্যাশ বোডের ভিতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ৯টি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ৭০০ গ্রাম এবং বাজার মূল্য ৪ কোটি টাকা। এ সময় ট্রাক চালক চাঁপাইনবাবগঞ্জের সাগর আলী ও তার সহযোগী গাজীপুরের সালাহ উদ্দিনকে গ্রেফতার করা সহ ট্রাকটি জব্দ করা হয়। রাতেই তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামালা দায়ের করে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।






















