মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ
- আপডেট সময় : ০৯:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ
নওগাঁর মান্দায় ডাসকো ফাউন্ডেশনের এনগেজ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি কার্যালয় ও সুশীল সমাজ সংগঠনের যৌথ উদ্যোগে গণতান্ত্রিক সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার তুহিন ইসলামের সঞ্চালনায় এবং অবসরপ্রাপ্ত শিক্ষক অক্ষয় কুমার প্রামাণিকের সভাপতিত্বে সংলাপে প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম।
সংলাপে উপজেলা কৃষি কার্যালয়ের কৃষিসেবা এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বা জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় মান্দা অঞ্চলের কৃষিতে দুর্যোগজনিত ঝুঁকি, পানির সংকট, অসময়ে বৃষ্টি, বন্যা, অতিবৃষ্টি, কৃষিদূষণ এবং অপরিকল্পিত সেচ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা উঠে আসে।
প্রধান আলোচক মোহাইমিনুল ইসলাম উপজেলা কৃষি কার্যালয়ের বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা জরুরি। নওগাঁর কৃষিতে ক্লাইমেট স্মার্ট কৃষিচর্চার বিকল্প নেই।
তিনি কম পানিতে চাষ করা যায় এমন ধান, আলু, সরিষা ও শাকসবজিসহ জলবায়ুসহনশীল ফসলের বিভিন্ন জাত চাষে কৃষকদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি কৃষকদের স্বচ্ছতার সঙ্গে কৃষিসেবা প্রদান, বিভিন্ন কৃষি প্রণোদনা দেওয়া এবং কৃষকদের কৃষিবিমার আওতায় আনার সুপারিশ করেন। এতে প্রাকৃতিক দুর্যোগে কৃষির ক্ষতি হলেও কৃষকেরা তা সামলে নিতে পারবেন বলে তিনি মত দেন।
মুক্ত আলোচনা শেষে মান্দায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার চর্চা ছড়িয়ে দিতে সুশীল সমাজ সংগঠন ও উপজেলা কৃষি কার্যালয়ের মধ্যে যৌথ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সংলাপে মান্দা উপজেলার সুশীল সমাজ সংগঠনের (সিএসও) সদস্যদের মধ্যে শিক্ষক, সাংবাদিক, কৃষক ও শিক্ষার্থীসহ ৩০ জন অংশগ্রহণ করেন।






















