ঈশ্বরদীতে মাদকসহ তাঁতীদল নেতা আটক, ভাড়াটিয়ার কাছ থেকে ৫০ ট্যাপেন্টাডল উদ্ধার
- আপডেট সময় : ১১:০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১৮০ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে মাদকসহ তাঁতীদল নেতা আটক, ভাড়াটিয়ার কাছ থেকে ৫০ ট্যাপেন্টাডল উদ্ধার
পাবনা, প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আলমকে মাদক সেবনের অভিযোগে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই অভিযানে তার বাড়ির এক ভাড়াটিয়া মো. আব্দুর রাজ্জাককে ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা এলাকায় এ অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল, ঈশ্বরদীর উপপরিদর্শক মো. শের আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাহফুজ আলমের বাড়ির পেছনে অবস্থান করছিলেন আব্দুর রাজ্জাক। সন্দেহ হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার পরনের ফুলপ্যান্টের সামনের ডান পকেটে থাকা গোল্ডলিফ সিগারেটের প্যাকেট থেকে ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাহফুজ আলমের শয়নকক্ষে অভিযান চালানো হয়। সেখানে তাকে ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে জানান উপপরিদর্শক মো. শের আলম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক মাহফুজ আলমের বাড়ির ভাড়াটিয়া। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অন্যদিকে মাহফুজ আলমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি নাফিস আহমেদ আরিফ মাহফুজ আলমের দলীয় পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকসহ আটকের খবর পাওয়ার পর মাহফুজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে বিষয়টি জানানো হয়েছে। শিগগিরই তাকে দল থেকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়রা জানান, ট্যাপেন্টাডল একটি ব্যথানাশক ওষুধ হলেও এর অপব্যবহারের কারণে এটি মাদক হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ট্যাপেন্টাডলের অপব্যবহার নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে।























