পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ
- আপডেট সময় : ০১:৩৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ২৪৭ বার পড়া হয়েছে

পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুলে তালা লাগিয়ে প্রধান ফটকে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের দাতা সদস্য আজাদ আলীর বিরুদ্ধে। একই সঙ্গে বিদ্যালয়ের ভেতরের ফাঁকা জায়গায় কলাগাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, আজাদ আলী তার ছেলে ও ভাতিজাকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে গিয়ে আগে থেকে থাকা তালার ওপর নতুন তালা লাগান। পরে প্রধান ফটক বাঁশ দিয়ে ঘিরে দেন এবং বিদ্যালয়ের ভেতরে কয়েকটি কলাগাছের চারা রোপণ করেন। পরে ঘটনাস্থলে গিয়ে প্রধান ফটকে বাঁশের বেড়া ও বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা কলাগাছের চারা দেখা যায়।
আজাদ আলী বলেন, ওই জায়গায় টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার কথা ছিল। তার ছেলে ও ছেলের বউকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি করা হয়নি এবং তাদের চাকরিও দেওয়া হয়নি। এ কারণে তিনি বিদ্যালয়ে তালা দিয়ে কলাগাছ লাগিয়েছেন।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বলেন, আজাদ আলী নিঃশর্তভাবে প্রতিষ্ঠানকে জমি দান করেছিলেন। পরে চাকরি সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে কমিটির সমঝোতা হয় এবং এ বিষয়ে কমিটির রেজুলেশনও রয়েছে। জমি ও প্রতিষ্ঠানের নাম নিয়ে বিরোধের জেরে আজাদ আলী ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর রাজশাহীর আদালতে মামলা করেন। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় বিদ্যালয়ে তালা ও বাঁশের বেড়া দেওয়ার ঘটনা ঘটেছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, দাতা সদস্যের অভিযোগ সঠিক নয়। বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে এবং নিয়মিত পাঠদান চলছে। রাজশাহী শিক্ষা বোর্ড নতুন ম্যানেজিং কমিটির অনুমোদনও দিয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিদ্যালয়ে তালা ও বাঁশের বেড়া দেওয়ার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।























