শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ
- আপডেট সময় : ১২:২৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে

শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি, পণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য না দেওয়া এবং আয়োডিনযুক্ত লবণের পরিবর্তে শিল্প লবণ ব্যবহারের অভিযোগে একটি মুড়ি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটি থেকে জব্দ করা ১০০ কেজি শিল্প লবণ ধ্বংস করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জমাদারপুকুর এলাকার পাপিয়া অটো মুড়ি মিল পরিদর্শন করা হয়। সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মুড়ি তৈরি, পণ্যের লেবেলে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য ও ওজনের মতো প্রয়োজনীয় তথ্য না দেওয়া এবং আয়োডিনযুক্ত লবণের পরিবর্তে শিল্প লবণ ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের প্রতিনিধি বিলাশ দেবনাথকে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানা থেকে দুই বস্তা বা ১০০ কেজি শিল্প লবণ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
অভিযানের সময় বেতগাড়ী বটতলা এলাকার রাগেব ট্রেডার্স পরিদর্শন করা হলেও সেখানে উৎপাদন কার্যক্রম বন্ধ পাওয়া যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভ্রাম্যমাণ আদালতটি শাজাহানপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে পরিচালিত হয়।
অভিযানে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান ও পরিদর্শক (মেট) মো. আসাদুজ্জামান। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।























