লালপুরে ৪’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক
- আপডেট সময় : ০৩:২২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

লালপুরে ৪’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ নাজমুল হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে উপজেলার গোপালপুর পৌরসভার গোপালপুর রেলগেট সংলগ্ন মকসেদ শপিং কমপ্লেক্সের সিঁড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নাজমুল হোসেন উপজেলার পোকন্দা (পূর্ব) গ্রামের মো. ইব্রাহীম হোসেনের ছেলে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) আল মাসুমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার গোপালপুর পৌরসভার গোপালপুর রেলগেট সংলগ্ন মকসেদ শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মকসেদ শপিং কমপ্লেক্সের সিঁড়িতে নাজমুল হোসেনের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ওসি শফিকুল ইসলাম আরও জানান, এ ঘটনায় আটক নাজমুল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১০(ক) অনুযায়ী লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নাজমুল হোসেনকে আদালতে সোপর্দ করা হয়।



















