বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৯:৩৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, অন্য প্রতিষ্ঠানের নামে পণ্য মোড়কজাত করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার খন্দকারটোলা ও বাগড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে আল-মদিনা বেকারিকে ২০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আল-মদিনা বেকারির মালিক বাবলু (৫৩) এবং মায়ের দোয়া বেকারির মালিক ইনছান আলী (৪৫)।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, বেকারি দুটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। এ ছাড়া পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, অন্য প্রতিষ্ঠানের নামে পণ্য মোড়কজাত করা, সঠিক ঠিকানা ব্যবহার না করা এবং কারখানার ভেতরে টয়লেট ব্যবহারের মতো অনিয়ম পাওয়া যায়।
এ ছাড়া ভুয়া বিএসটিআইয়ের মোড়ক ব্যবহারেরও অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট বেকারিগুলোর বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। পরে কারখানাগুলোতে আইন ও বিধি মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।























