শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে সদর থানায় দায়ের হওয়া আইনুল হক (৫০) হত্যা মামলার অন্যতম আসামি মো. মুরাদ মিয়া (৩০)-কে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১টা ৫ মিনিটের দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহানীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মুরাদ মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। পরে শ্রীবরদী থানার কুড়িকাহানীয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে আইনুল হককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। নিহত আইনুল হক ও গ্রেপ্তার মুরাদ মিয়া পরস্পর প্রতিবেশী এবং একই বংশের লোক।
গত ১৭ আগস্ট সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে আইনুল হকের বসতবাড়ির পেছনে মান্দা গাছে নেট জাল বাঁধাকে কেন্দ্র করে মুরাদ মিয়াসহ কয়েকজনের সঙ্গে তার বিরোধ হয়। একপর্যায়ে তারা আইনুল হককে মারাত্মকভাবে আঘাত এবং গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১৭ আগস্ট শেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর ৪২ এবং এতে পেনাল কোডের ৩০২/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।
মামলা দায়েরের পর অভিযুক্তরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মুরাদ মিয়ার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুরাদ মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।



















