পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
- আপডেট সময় : ০৮:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
পঞ্চগড়ে গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে ডুবে গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গুল মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গরু নিয়ে করতোয়া নদী পার হচ্ছিলেন গুল মোহাম্মদ আলী। এ সময় নদীর প্রবল স্রোতের টানে তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করলে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেন। দীর্ঘ চেষ্টার পর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং নদী থেকে মরদেহ উদ্ধার করে।
সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি বর্ষা মৌসুমে নদী পারাপারের সময় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



















