রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু
- আপডেট সময় : ০৮:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু
পারিবারিক কলহের জেরে ঘটনা; অভিযুক্ত ছেলে পলাতক, গ্রেপ্তারে পুলিশের অভিযান
রাজশাহীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে মো. রেজাউল করিম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুর করিম পলাতক রয়েছেন।
সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী কলাইতলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রাকিবুর করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। পারিবারিক বিরোধের একপর্যায়ে বাবার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল করিমের সঙ্গে প্রায়ই তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিবুর তার মায়ের পক্ষ নেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে রেজাউল করিম গুরুতর আহত হন।
ঘটনার পর রাকিবুর মোটরসাইকেলে করে বাড়ি থেকে চলে যান। পরে পরিবারের সদস্যরা আহত রেজাউল করিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। তবে ছেলের আঘাতেই বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
তিনি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিবুর করিম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















