দুর্গাপুরে পুকুরে সেচের জলমোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ১০:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

দুর্গাপুরে পুকুরে সেচের জলমোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রাজশাহীর দুর্গাপুরে পুকুরে সেচের জন্য জলমোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার যুগিশো গ্রামের আঙরার বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (৩২) উপজেলার যুগিশো এলাকার বাসিন্দা। তিনি চুক্তিভিত্তিকভাবে পল্লি চিকিৎসক শরীফ ডাক্তারের পুকুর দেখাশোনার কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আঙরার বিল এলাকায় পল্লী বিদ্যুতের একটি সংযোগ লাইন থেকে বিভিন্ন পুকুরে জলমোটর চালানোর জন্য বিদ্যুৎ সরবরাহ নেওয়া হয়। রোববার দুপুরে শরীফ ডাক্তারের পুকুরে সেচ দেওয়ার উদ্দেশ্যে জলমোটরে বিদ্যুৎ সংযোগ দিতে যান জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, জাহাঙ্গীর আলমের শরীর ভেজা ছিল। বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তার হাতের আঙুল সকেটের ভেতরে প্রবেশ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



















