পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:৩০:১২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কৃষক ও আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির নেতারা।
রোববার (২১ জুন) সকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার কৃষক ও সংগঠনটির নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধি প্রত্যাহার এবং কৃষকবান্ধব হারে ভাড়া নির্ধারণের দাবি জানান। তারা অভিযোগ করেন, কোল্ড স্টোরেজ মালিকপক্ষ প্রতি বস্তা আলু সংরক্ষণের ভাড়া ৪২০ টাকা নির্ধারণ করেছে, যা কৃষকদের জন্য বহন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
বক্তারা বলেন, আলু দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বর্তমানে বিদেশেও আলু রপ্তানি হচ্ছে। কিন্তু সংরক্ষণ ব্যয় বেড়ে গেলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, যা আলু উৎপাদনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তারা আলু সংরক্ষণের ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং এ বিষয়ে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য দেন আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির সভাপতি মির্জা সলিমুল্লাহ, কৃষক নেতা রবিউল ইসলামসহ অন্যরা।



















