বাগাতিপাড়ায় বাউয়েটে টেকসই নির্মাণ নিয়ে সেমিনার, ট্রাস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ
- আপডেট সময় : ০৩:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় বাউয়েটে টেকসই নির্মাণ নিয়ে সেমিনার, ট্রাস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ
লাফার্জ হোলসিমের উদ্যোগে “ইনোভেটিভ অ্যান্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” বিষয়ক আয়োজন
নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ সেনানিবাস এলাকায় অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ অ্যান্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার ও ট্রাস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
পুরকৌশল বিভাগের শিক্ষার্থী শাফিউর রহমান সিয়াম ও অর্থি এলমা ইউসুবার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.)। স্বাগত বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. প্রকৌশলী মো. মাহমুদুর রহমান।

সেমিনারে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের টেকনিক্যাল সার্ভিস বিভাগের প্রধান ফকরুদ্দিন মোহাম্মদ খান “ইনোভেটিভ অ্যান্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারের মূল লক্ষ্য ছিল আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এতে কম খরচে, কম দূষণ সৃষ্টি করে এবং দীর্ঘস্থায়ী নির্মাণ উপকরণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কংক্রিটে চিনিকলের বর্জ্য ব্যবহারের সম্ভাবনা নিয়ে গবেষণা এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় ট্রাস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সমন্বয় করেন সহকারী অধ্যাপক ড. প্রকৌশলী মো. জাকির হোসেন খান। এতে শিক্ষার্থীরা তাদের নকশা ও নির্মাণ দক্ষতা প্রদর্শন করেন। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।



















