দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
- আপডেট সময় : ১২:১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৩৫৯ বার পড়া হয়েছে

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন, ধানের শীষে ভোট চাইবেন
দীর্ঘ ২২ বছর পর রাজশাহী সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমনকে ঘিরে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় তারেক রহমান রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। তবে পথে পথে হাজারো নেতাকর্মীর উপস্থিতির কারণে জনসভাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
রাজশাহীর জনসভায় জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার নেতাকর্মীরা অংশ নেবেন। জনসভা শেষে তারেক রহমান নওগাঁয় যাবেন এবং নওগাঁর এটিএম মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে রাতে আলতাফুন্নেসা মাঠে আরও একটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন। নওগাঁর জনসভায় জয়পুরহাট এবং বগুড়ার জনসভায় পাবনা ও সিরাজগঞ্জ জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।
বিএনপি নেতারা জানান, রাজশাহীর জনসভায় তিন জেলা থেকে প্রায় ৪ থেকে ৫ লাখ নেতাকর্মীর সমাগম হতে পারে। মাদ্রাসা মাঠে ধারণক্ষমতার বাইরে বিপুল সংখ্যক নেতাকর্মী মাঠের আশপাশের এলাকায় অবস্থান করবেন। এখান থেকেই তারেক রহমান উত্তরাঞ্চলের মানুষের উদ্দেশে দলের স্বপ্ন, পরিকল্পনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরবেন।
দলীয় সূত্র মতে, জনসভায় তিনি তিন জেলার ধানের শীষ প্রতীকের মোট ১৩ জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। পাশাপাশি রাজশাহীর পদ্মা নদী, ঐতিহ্যবাহী সিল্ক শিল্প, বরেন্দ্র অঞ্চলের পানি সংকট, আম, পান ও মৎস্য খাতের উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরতে পারেন।
রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত বলেন,
“আমাদের চেয়ারম্যান রাজশাহী আসার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আমরা ইতিহাস খুঁজছি—তিনি শেষ কবে রাজশাহী এসেছিলেন। এতদিন পর হলেও তিনি আসছেন, এটাই আমাদের জন্য বড় আনন্দের বিষয়। আমরা তাঁর আগমনের অপেক্ষায় আছি।”
বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন,
“২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান সর্বশেষ রাজশাহী সফর করেছিলেন। তখন তিনি তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে মতবিনিময় করেন। দীর্ঘ ২২ বছর পর তাঁর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।”




















