বাগমারায় স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে জিডি: মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৩:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ২৭১ বার পড়া হয়েছে

বাগমারায় স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে জিডি: মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পুলিশ সদস্যকে হত্যার হুমকি ও অন্তঃসত্ত্বা নারীর ওপর হামলার অভিযোগ, তদন্তের আশ্বাস পুলিশের
রাজশাহীর বাগমারা উপজেলায় এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি, তার স্ত্রীর ওপর হামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ ও প্রকৃত তথ্য তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পুলিশ সদস্যের স্ত্রী নুর রোকসানা তামান্না।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বাগমারা উপজেলার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার স্বামী বাংলাদেশ পুলিশের একজন সদস্য এবং বর্তমানে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত রয়েছেন।
তিনি অভিযোগ করেন, প্রতিবেশী আবুল হোসেনের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলমান। এই বিরোধের জেরে আবুল হোসেনের জামাই ও তাহেরপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম গত ১৯ ডিসেম্বর মুঠোফোনে তার স্বামীকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় ওই দিনই বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে পুলিশ সদস্যের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হয়।
নুর রোকসানা তামান্না বলেন, এসব ঘটনার প্রতিবাদ জানাতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে আবুল হোসেনের বড় মেয়ে আকলিমা বিবি তাকে মারধর করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। তিনি দাবি করেন, তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় মঙ্গলবার তিনি বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়ে তাহেরপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, পুলিশ সদস্যকে হত্যার হুমকি ও তার স্ত্রীর ওপর হামলার বিষয়ে অভিযোগ ও সাধারণ ডায়েরি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে নুর রোকসানা তামান্নার শাশুড়ি নাসিমা বেগম ও ননদ ফারজানা হক উপস্থিত ছিলেন।


















