রাণীনগরে অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ তিনজন গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৫৩:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৪১৯ বার পড়া হয়েছে

রাণীনগরে অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ তিনজন গ্রেফতার
নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিল হান্টের ফেস-টু অভিযানে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে রাণীনগর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে এবং ডিবি পুলিশ পৃথক অভিযানে একজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—গোনা ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৫৫), বড়গাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আব্দুল কাদের (৬০) এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পারইল ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিব হাসান (২৬)।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ জানান, শুক্রবার রাতে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ও আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়।
এছাড়া ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হাবিব হাসানকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত তিনজনকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।




















