বালিয়াকান্দিতে দুধ দিয়ে গোসল করলেন নব নির্বাচিত চেয়ারম্যান সাধন!
- আপডেট সময় : ০২:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ৩২০ বার পড়া হয়েছে

বালিয়াকান্দিতে দুধ দিয়ে গোসল করলেন নব নির্বাচিত চেয়ারম্যান সাধন!
নিউজ ডেস্কঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: আবুল কালাম আজাদ কে পরাজিত করে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দুধ দিয়ে গোসল করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হাকিম সাধন। বুধবার (২২ মে) উপজেলা নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামে এহসানুল হাকিম সাধন তার নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন। তার দুধ দিয়ে গোসলের ছবিটি সোহেল খান নামে এহসানুল হাকিম সাধনের এক সমর্থক নিজের ফেসবুক আইডিতে পোস্ট করার সাথেসাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোড়ন সৃষ্টি করে। মোঃ এহসানুল হাকিম সাধন উপজেলার আনন্দ বাজার কুরশী গ্রামের মৃত গোলাম মহিউদ্দিনের ছেলে।
নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন বলেন, তার মা ও চাচি প্রতিজ্ঞা করেছিলেন, জয়লাভ করলে আমাকে দুধ দিয়ে গোসল করাবেন। তাই তার গ্রাম বাসি ১৫ লিটার দুধ দিয়ে তাকে গোসল করিয়ে মা এবং চাচির সেই ইচ্ছা পূরণ করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২১ মে) ভোট গ্রহণের পরে রাতে গণনা শেষে এহসানুল হাকিম সাধনকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার রফিকুল ইসলাম। এই নির্বাচনে চেয়ারম্যান পদে মো: এহসানুল হাকিম সাধন মোটরসাইকেল প্রতিকে ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: আবুল কালাম আজাদ আনারস প্রতিকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট।




















