নাটোরে বাসের ধাক্কায় বাগাতিপাড়ার ভ্যান চালক নিহত!
- আপডেট সময় : ০৩:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ২৭৩ বার পড়া হয়েছে

নাটোরে বাসের ধাক্কায় বাগাতিপাড়ার ভ্যান চালক নিহত!
নাটোর অফিসঃ
নাটোরে বাসের ধাক্কায় বাগাতিপাড়ার ভ্যান চালক নিহত! নাটোরে বাসের ধাক্কায় আমিরুল ইসলাম (৪৫) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ সময় আব্দুল বাশির নামে ওই ভ্যানের আরোহী আহত হন। রোববার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের তকিয়া ঢালান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের গয়লার ঘোপ গ্রামের মৃত মজের আলির ছেলে। আহত ভ্যানের আরোহী আব্দুল বাশির একই গ্রামের মৃত কফিল উদ্দিন মোল্লার ছেলে।
নাইম ইসলাম নামে নিহত আমিরুলের এক প্রতিবেশি ভাতিজা এই প্রতিবেদককে জানান, রোবরার সকাল ৬টার দিকে সুপারি এবং পেঁপে সহ ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল বাশিরকে নাটোরের কাঁচা বাজারে নিয়ে যাচ্ছিলেন আমিরুল ইসলাম। পথিমধ্যে সকাল সাড়ে ৬টার দিকে নাটোর সদরের তকিয়া ঢালান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে রাজশাহী গামী হানিফ পরিবহন তার ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে ছিটকে পড়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় ভ্যান চালক আমিরুল। এ ঘটনায় ভ্যনে থাকা আব্দুল বাশির কিছুটা আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপালে নিয়ে যায়।
জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানি বিষয়টি নিশ্চিত করে জানান, আজ (রোববার) বিকেলে নিহত আমিরুলের দাফন সম্পূর্ণ হয়েছে।




















