ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেবে নাটোরের জনগণ- দুলু
- আপডেট সময় : ১০:৫১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে

ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেবে নাটোরের জনগণ- দুলু
নির্বাচন নিয়ে আন্তর্জাতিক ও জাতীয় চক্রান্তের অভিযোগ, নলডাঙ্গায় প্রচারণায় বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দুলুর হুঁশিয়ারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর সদর–নলডাঙ্গা (নাটোর-২) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কোনো ষড়যন্ত্র করে যদি কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, তবে নাটোরের জনগণ দাঁতভাঙা জবাব দেবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের বাবনগ্রাম এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।
অ্যাডভোকেট দুলু বলেন, “আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি—এই নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত অব্যাহত রয়েছে। ২০০৮ সালে নাটোরের বিজয় যেভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেভাবেই সূক্ষ্ম কারচুপির মাধ্যমে হাসিনাকে ক্ষমতায় আনা হয়েছিল। ২০১৮ সালেও প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি।”
তিনি আরও বলেন, “ঠিক একই কায়দায় যদি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। নাটোরের জনগণ সব ধরনের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করবে।”
নির্বাচনী প্রচারণাকালে তিনি ভোটারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “এই নির্বাচন শুধু একটি দলের নয়, এটি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নাটোর সদর–নলডাঙ্গা আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।




















