রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- আপডেট সময় : ০৭:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
র্যাবের অভিযানে মিলল বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগাজিন; জড়িতদের শনাক্তে তদন্ত চলছে
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব-৫।
র্যাব-৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন দল চন্দ্রিমা থানাধীন হাজরা পুকুরপাড় রেলওয়ে মাঠের উত্তর পাশে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড অ্যামোনিশন (গুলি) এবং একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির প্রকৃত মালিক সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি। র্যাব জানিয়েছে, অস্ত্র ও গুলির সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
র্যাবের প্রাথমিক ধারণা, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করেছিল। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা সেগুলো ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।
র্যাব-৫ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও ম্যাগাজিনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।










