রাণীশংকৈলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
- আপডেট সময় : ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) সমিতির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি সিংরাই সরেন মানিক-এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমাজসেবক নাসিরুদ্দিন, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি রাজেন্দ্র নাথ রায়, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের রাণীশংকৈল উপজেলা শাখার সাবেক সভাপতি গোপন মরমু সুগা, সাবেক সম্পাদক কবিরাজ মরমু, ইএসডিও থ্রাইভ প্রকল্পের পরিচালক আরফিনা আক্তার এবং সিডিও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ফজলুল করিম।
বক্তারা ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের তাৎপর্য তুলে ধরে বলেন, এ বিদ্রোহ ছিল শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আদিবাসী জনগোষ্ঠীর আত্মমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরা এবং আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।









