রাজশাহীতে এনসিপির অস্থিরতা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০২:৫২:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে এনসিপির অস্থিরতা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন
ব্যক্তিস্বার্থে ‘নোংরামি’ বন্ধের আহ্বান—যোগ্যতার ভিত্তিতে জেলা কমিটির পুনর্মূল্যায়ন দাবি
রাজশাহীতে এনসিপির চলমান অস্থিরতা ও অভ্যন্তরীণ সংকট নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে দলটির রাজশাহী জেলা শাখা। সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে নগরীর সিএনবি মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাজশাহী এনসিপিকে জড়িয়ে নোংরামি করা হচ্ছে, যা আর বরদাশত করা হবে না। বক্তারা বলেন, রাজশাহীতে এনসিপি কোনো ব্যক্তি বিশেষের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি—এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য কর্মীর শ্রম, ঘাম ও ত্যাগের ফসল। তাই দলের নামভাঙিয়ে নোংরামি বন্ধ না হলে ‘কালো শক্তি’র বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
বক্তারা আরও বলেন, দেশে এখনো পরিশ্রমীদের যথাযথ মূল্যায়ন করা হয় না। সঠিক মূল্যায়ন পেলে সংগঠনটি আরও সুসংগঠিত অবস্থানে থাকত। লিখিত বক্তব্যে নাহিদুল ইসলাম সাজু নিজের ১১ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, রাজপথের সংগ্রাম ও নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেলেও রাজনৈতিক ত্যাগের কারণে পড়তে পারেননি। এমনকি ‘ক্রসফায়ারের আসামি’র মতো পরিস্থিতিও মোকাবিলা করতে হয়েছে তাকে। এরপরও বয়সের অজুহাতে তাকে পিছিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি প্রশ্ন তোলেন— যোগ্যতার মূল্যায়ন কি শুধুই বয়সভিত্তিক হবে? উদাহরণ হিসেবে তিনি বলেন, “যদি বয়সই যোগ্যতার মাপকাঠি হতো, তাহলে নাহিদ ইসলাম ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেত না।”
সংগঠনের স্থানীয় নেতারা অভিযোগ করেন, মাঠের রাজনীতি ও রাজপথের কর্মীদের যথাযথ মূল্যায়ন না করে ব্যক্তিস্বার্থে রাজনীতি করা ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে রাজশাহীতে সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কেন্দ্রীয় কমিটির প্রতি দাবি
সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা নেতারা কেন্দ্রীয় কমিটির প্রতি আহ্বান জানান—যোগ্যতার ভিত্তিতে রাজশাহী জেলা কমিটিকে পুনর্মূল্যায়ন এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার জন্য। তারা সতর্ক করে বলেন, ব্যক্তিস্বার্থে দলকে ধ্বংস হতে দেওয়া হবে না। তরুণ কর্মীরা রাজশাহীতে এনসিপিকে সম্ভাবনার সংগঠন হিসেবে দেখেন। প্রয়োজনে ছুটি দেওয়া যেতে পারে, কিন্তু কালো শক্তি, লোভ বা ক্ষমতার কাছে আদর্শ বিসর্জন দেওয়া হবে না।



















