মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ২২৫ বার পড়া হয়েছে

মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইলেন খন্দকার আব্দুর রাকিব
নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার নুরুল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় হাফেজ মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদের সদস্য মোস্তফা আল আমিন, এনসিপির প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের আমীর ডা. আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাহমুদুল হাসান, নওগাঁ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, কুষ্টিয়া শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আমানুল্লাহ আমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন, “আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার জন্য। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। স্বাধীনতার ৫৪ বছরে আমরা দেখেছি, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে তারা বারবার জনগণের ওপর জুলুম করেছে।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের পর যে নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই বাস্তবতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। আগামী দিনে দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবো।”
তিনি একটি বৈষম্যমুক্ত, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “এই লক্ষ্য বাস্তবায়নে জনগণের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি—ইনশাআল্লাহ।”



















