পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত
- আপডেট সময় : ১১:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত
পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে বকুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে করতোয়া নদীতে মাছ ধরতে নামার পর একপর্যায়ে বকুল ইসলাম তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে রংপুর থেকে আসা ডুবুরি দলও নদীতে তল্লাশি চালায়।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় বলেন, “খবর পাওয়ার পরপরই আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে তল্লাশি চালায়। তবে নদীতে তীব্র স্রোত ও পর্যাপ্ত আলোর অভাবে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান স্থগিত করতে হয়েছে। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।”
সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, দুপুর থেকে ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েছেন। কিন্তু নদীর প্রবল স্রোতের কারণে নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি।
সংবাদ লেখা পর্যন্ত বকুল ইসলামের কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।



















