বিছানায় পড়েছিল রাবি শিক্ষার্থীর লাশ; দরজা ভেঙে উদ্ধার!
- আপডেট সময় : ১০:১৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ১৯২ বার পড়া হয়েছে

বিছানায় পড়েছিল রাবি শিক্ষার্থীর লাশ; দরজা ভেঙে উদ্ধার!
এম এম মামুন, রাজশাহী:
বিছানায় পড়েছিল রাবি শিক্ষার্থীর লাশ; দরজা ভেঙে উদ্ধার! ছাত্রাবাস থেকে এস এম আব্দুল কাদির শরিফ নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর কাজলা এলাকার অক্টোর মোড় এলাকার ষষ্ঠীবাড়ি ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত রাবি ছাত্র এস এম আব্দুল কাদির শরিফ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রঘুনাথপুর এলাকার মোখলেছুর রহমানের ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছাত্রাবাসে থাকা তার বন্ধুদকে শনিবার দুপুরে খাবারের দাওয়াত দিয়েছিলেন শরিফ। তাদের মধ্যে একজন তার দূর সম্পর্কের চাচাতো ভাই, আরেকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা দুজন ঘুম থেকে উঠে দরজায় ধাক্কা দেন। কিন্তু শরিফ দরজা না খোলায় তারা জানালা দিয়ে তাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। তখন তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দেন।
পরে পুলিশ ও প্রক্টরিয়াল গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, রাত ১১টার দিকে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান শরিফ। পরে শনিবার দুপুরে তার মেসের দুই বন্ধু দরজায় একাধিকবার আঘাত করে সাড়া না পেলে ৯৯৯-এ কল করেন। ৯৯৯-এর মাধ্যমে আমরা জানতে পেরে ছাত্রাবাসের কক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে হাসপাতালের মর্গ থেকে রাবি শিক্ষার্থীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্তের রপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুর আড়াইটার দিকে মৃত অবস্থায় ওই ছাত্রের লাশ হাসপাতালে নিয়ে আসা হয়।










