খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- আপডেট সময় : ১১:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার এবং মাদকের ঝুঁকিতে তরুণ ও কিশোররা ক্রমেই আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ‘নতুন কুঁড়ি-২৬’ কর্মসূচি চালু করেছে, যার মাধ্যমে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৩১ মে) পঞ্চগড়ের বোদা উপজেলার সরকারি অডিটোরিয়ামে টু-স্টার ফুটবল একাডেমির কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলার সঙ্গে শিশু-কিশোরদের সম্পৃক্ত করতে পারলে তারা প্রযুক্তির অপব্যবহার ও মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে। এজন্য অভিভাবকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, অভিভাবকরা যদি শিশু-কিশোরদের মাঠমুখী করতে এগিয়ে আসেন, তাহলে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব অনেকাংশে কমে যাবে। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম।
প্রতিমন্ত্রী টু-স্টার ফুটবল একাডেমির প্রশংসা করে বলেন, বোদা টু-স্টার ফুটবল একাডেমির সাফল্য প্রমাণ করে যে উত্তরাঞ্চলের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। সঠিক পরিচর্যা ও সুযোগ-সুবিধা পেলে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনতে সক্ষম হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, টু-স্টার ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ মোফাজ্জল হোসেন বিপুলসহ স্থানীয় ক্রীড়াবিদ, খেলোয়াড় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী কৃতি খেলোয়াড়দের হাতে সংবর্ধনা স্মারক ও মেডেল তুলে দেন।









