বাল্যবিয়ে ও যৌ/ন হ’য়রানি প্রতিরোধে পুঠিয়ায় ব্র্যাকের ওরিয়েন্টেশন সভা
- আপডেট সময় : ০৮:৪৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

বাল্যবিয়ে ও যৌ/ন হ’য়রানি প্রতিরোধে পুঠিয়ায় ব্র্যাকের ওরিয়েন্টেশন সভা
‘শিখা’ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতের উদ্যোগ
মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিরাপত্তা, যৌন হয়রানি প্রতিরোধ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় রাজশাহীর পুঠিয়ায় উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের “শিখা” প্রকল্পের আওতায় বুধবার পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, রাজশাহী “শিখা” প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মিতা রানী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা আকতার জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বিশেষ করে বুলিং, ইভটিজিং ও যৌন হয়রানির মতো ঘটনা কিশোর-কিশোরীদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।
ব্র্যাক সূত্রে জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত “শিখা” প্রকল্প বাস্তবায়ন করা হবে। রাজশাহীসহ দেশের ছয়টি জেলায় এ প্রকল্পের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পুঠিয়া উপজেলায় ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি গণপরিবহন, তৈরি পোশাক খাত এবং স্থানীয় কমিউনিটিতেও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে “রিস্ক ম্যাপ” তৈরি, বাল্যবিবাহ প্রতিরোধ, অভিভাবক সভা এবং যুব ফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউএনও লিয়াকত সালমান বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। তবে সচেতনতার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।”
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “যৌন হয়রানি শুধু একটি অপরাধ নয়, এটি একটি মানুষের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র পর্যন্ত নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।”
অনুষ্ঠানে “শিখা” প্রকল্পের প্রজেক্ট অফিসার সাবির হোসেন প্রকল্প উপস্থাপনা করেন এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন।




















