ফ্যাসিস্টদের মতো রাজনীতি করলে আপনাদেরও দ্রুত পতন হবে’- পঞ্চগড়ে সারজিস আলম
- আপডেট সময় : ০৪:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ১৭৮ বার পড়া হয়েছে

ফ্যাসিস্টদের মতো রাজনীতি করলে আপনাদেরও দ্রুত পতন হবে’- পঞ্চগড়ে সারজিস আলম
এনসিপির ইফতার মাহফিলে বক্তব্য, সুষ্ঠু রাজনৈতিক চর্চার আহ্বান
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্টদের মতো রাজনৈতিক চর্চা করলে তাদের আগেই পতন হবে। সুষ্ঠু ও গণতান্ত্রিক রাজনীতির পথে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শনিবার (১৩ মার্চ) পঞ্চগড়ের হিমালয় পার্কে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং জাতীয় সংসদে দলটির ছয়জন প্রতিনিধি রয়েছে। তারা সংসদে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবেন।
তিনি বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ফ্যাসিবাদের একজন অংশীদার সংসদকে কলুষিত করার চেষ্টা করেছিলেন। তবে বিরোধী দলীয় ঐক্যজোট ও নাগরিক পার্টির সদস্যরা তা প্রত্যাখ্যান করেছেন। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সহযোদ্ধা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বৈরাচারের বিরুদ্ধে সংসদেও সোচ্চার প্রতিবাদ জানিয়েছেন।
সারজিস আলম বলেন, পঞ্চগড়ে যে কেউ যেকোনো রাজনৈতিক দলের আদর্শ অনুসরণ করতে পারেন। তবে সুস্থ রাজনৈতিক চর্চা ও গণতান্ত্রিক বিকাশে বাধা সৃষ্টি করলে এনসিপি তার প্রতিবাদ করবে।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, অতীতের রাজনৈতিক চর্চার কারণে যাদের পতন হয়েছে, যদি একই ধরনের চর্চা করা হয় তবে তাদের আগেই পতন ঘটবে।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে ভোট গণনায় প্রভাব বিস্তার করে গুরুত্বপূর্ণ বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তাই স্থানীয় সরকার নির্বাচনে যেন এমন সুযোগ না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য রাজপথ থেকে নেতৃত্ব দিতে হবে। বিএনপি ভালো কাজ করলে এনসিপি সহযোগিতা করবে, তবে চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড হলে তা প্রতিহত করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, ইসলামী আন্দোলনের সহ-সিনিয়র সভাপতি ক্বারী আব্দুল্লাহ, জাগপার সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন, জামায়াতের সূরা সদস্য সফিউল আলম সুফি, গণসংহতি আন্দোলনের সভাপতি সাজেদুল রহমান সাজু এবং খেলাফত মজলিশের সভাপতি মীর মুর্শেদ তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।



















