পঞ্চগড়ে রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
- আপডেট সময় : ০৩:১৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৩৫৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
আলোচনা সভায় রাজনৈতিক সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান
রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেলে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পঞ্চগড় জেলা আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস-এর সভাপতি মাওলানা মীর মুর্শেদ তুহিন, পঞ্চগড় প্রেসক্লাব-এর সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ অন্যরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতের জেলা সেক্রেটারি দেলোয়ার হোসেন।
বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে রাজনৈতিক পরিবেশকে ইতিবাচক রাখতে হবে। কেউ যেন কাউকে নিয়ে কটূক্তি না করে—সেদিকেও সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে পঞ্চগড় জেলার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন। পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


















