পঞ্চগড়ে একই দিনে দুই প্রবীণের চিরবিদায়, শোকের ছায়া জেলায়
- আপডেট সময় : ০৩:৫৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ২৯৮ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে একই দিনে দুই প্রবীণের চিরবিদায়, শোকের ছায়া জেলায়
খায়ের মিস্ত্রি ও মোটর মেকানিক মন্টু—দুই পরিচিত মুখের প্রয়াণে শোকস্তব্ধ পঞ্চগড়
পঞ্চগড়ে একই দিনে দুই প্রবীণ ও বহুল পরিচিত ব্যক্তির মৃত্যুতে জেলায় নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুনিয়ার মায়া ত্যাগ করে চিরবিদায় নেন পঞ্চগড় পৌর এলাকার দুই কৃতী সন্তান মো. আবুল খায়ের ও মো. মহিউদ্দীন। বয়সে প্রায় সমান হলেও কর্মে ও সমাজে দু’জনই ছিলেন অত্যন্ত পরিচিত ও সম্মানিত।
মৃত্যুবরণকারীদের একজন পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকার বাসিন্দা মো. আবুল খায়ের (৭০), যিনি ‘খায়ের মিস্ত্রি’ নামে সুপরিচিত ছিলেন। তাঁর দক্ষ শ্রমে পঞ্চগড়সহ আশপাশের এলাকায় গড়ে উঠেছে বহু ভবন ও অবকাঠামো। তিনি সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
অপরজন পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকার বাসিন্দা মো. মহিউদ্দীন (৭০), যিনি ‘মোটর মেকানিক মন্টু’ নামে জেলাজুড়ে পরিচিত ছিলেন। সরকারি যানবাহনসহ অসংখ্য ব্যক্তিগত গাড়ি মেরামতে তাঁর দক্ষতা ছিল সর্বজনবিদিত। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এবং মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একই দিনে দুই পরিচিত প্রবীণের মৃত্যুতে পঞ্চগড়বাসীর মধ্যে গভীর শোক ও বেদনার আবহ বিরাজ করছে।




















