নাটোর-১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের মাথায় হাত রেখে দোয়া করলেন মনোনয়ন বঞ্চিত টিপু
- আপডেট সময় : ০২:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৫১৪ বার পড়া হয়েছে

নাটোর-১ আসনে ধানের শীষের প্রার্থী পুতুলের মাথায় হাত রেখে দোয়া করলেন মনোনয়ন বঞ্চিত টিপু
লালপুরে সৌজন্য সাক্ষাতে ভোট ও সহযোগিতা কামনা, রাজনৈতিক অচলাবস্থা ভাঙার ইঙ্গিত
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মাথায় হাত রেখে দোয়া করেছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল লালপুরে তাইফুল ইসলাম টিপুর বাসভবনে সৌজন্য সাক্ষাতে গেলে এ ঘটনা ঘটে।
এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করেন পুতুল। পাশাপাশি তিনি দোয়া প্রার্থনা করলে টিপু পুতুলের মাথায় হাত রেখে তার জন্য দোয়া করেন।
সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছোট ছেলে ইফতেখার আরশাদ প্রতিক, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল হক বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।























