নলডাঙ্গায় বিএনপির ঘাঁটিতে জামায়াতের অগ্রগতি
- আপডেট সময় : ১১:০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৮২ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় বিএনপির ঘাঁটিতে জামায়াতের অগ্রগতি
অভ্যন্তরীণ কোন্দল ও শৃঙ্খলাহীনতায় নড়বড়ে বিএনপি, সুযোগ নিচ্ছে প্রতিদ্বন্দ্বী দল
নাটোরের নলডাঙ্গা উপজেলায় দীর্ঘদিনের প্রভাবশালী দল হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ঘাঁটিতে এখন প্রভাব বিস্তার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় জামায়াতের জয়কে রাজনৈতিক বিশ্লেষকরা বড় পরিবর্তন হিসেবে দেখছেন।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, দলীয় কোন্দল, কথিত হাইব্রিড ও অতিউৎসাহী নেতাকর্মীদের দৌরাত্ম্য, একক আধিপত্যের চর্চা এবং শৃঙ্খলাজনিত দুর্বলতার কারণে তৃণমূল পর্যায়ে বিএনপির অবস্থান দুর্বল হয়েছে। অভিযোগ রয়েছে, ব্যক্তিগত বিরোধকে রাজনৈতিক ইস্যু বানিয়ে সাধারণ ভোটারদের ওপর চড়াও হওয়া, লাঞ্ছনা ও সহিংস ঘটনার কারণে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এশিয়ান টিভি ও মানবজমিন পত্রিকার নলডাঙ্গা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বলেন, সংসদ নির্বাচনের পর কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডে বিএনপির তৃণমূল সংগঠন নড়বড়ে হয়ে পড়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দলগুলো এসব ইস্যু কাজে লাগিয়ে নিজেদের অবস্থান শক্ত করছে।
এদিকে নাটোর সদর-নলডাঙ্গা-২ আসনের বিএনপি ও নির্বাচন পরিচালনা কমিটির নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন। তারা হঠকারী সিদ্ধান্ত না নেওয়া, জামায়াতসহ কোনো দলের নেতাকর্মীর ওপর চড়াও না হওয়া এবং কোনো ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানান। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়।
উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলু জানান, পিপরুলের শ্যামনগর, বাঁশভাগ পূর্বপাড়া, সূর্যবাড়ি, ব্রহ্মপুর, সরকুতিয়া ও মাধনগরসহ বিভিন্ন এলাকায় সহিংসতার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাঁশভাগ পূর্বপাড়ায় মারামারির ঘটনায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তবে অন্যান্য ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক রয়েছে। বাঁশভাগ পূর্বপাড়ার ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।



















