দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: নাটোরে হুইপ দুলু
- আপডেট সময় : ০২:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ২৮৯ বার পড়া হয়েছে

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: নাটোরে হুইপ দুলু
খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার আশাবাদ ব্যক্ত
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানজনক ভাতার আওতায় আনা হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নাটোর শহরের এনএস কলেজ সরকারি মাঠে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে সারা দেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন, যার ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় দেশের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হুইপ দুলু বলেন, উত্তরাঞ্চলে পানির সংকট নিরসনে খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি সংরক্ষণ নিশ্চিত করা গেলে কৃষি উৎপাদন বাড়বে এবং ভবিষ্যতে দেশে খাদ্যের অভাব থাকবে না।
তিনি আরও বলেন, “দেশের মসজিদের ইমামরা সমাজের গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। তাদের যথাযথ সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ইনশাআল্লাহ, দেশের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সম্মানজনক ভাতা পাবেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নাটোর জেলা জামায়াতের আমীর ডা. মীর নূরল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম এবং যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিমসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।


















