দীর্ঘ ৩৫ বছর পর হতে যাচ্ছে রাকসু নির্বাচন, পক্ষে বিপক্ষে শিক্ষার্থীদের অবস্থান!
- আপডেট সময় : ১১:৫৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৭৮৯ বার পড়া হয়েছে

দীর্ঘ ৩৫ বছর পর হতে যাচ্ছে রাকসু নির্বাচন, পক্ষে বিপক্ষে শিক্ষার্থীদের অবস্থান!
দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে নির্বাচন পেছানোর দাবিতে এরই মধ্যে পক্ষে বিপক্ষে অবস্থান নিতে শুরু করেছে শিক্ষার্থীরা। ছাত্রদের একটি পক্ষ বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচন পেছানোর দাবী জানাচ্ছেন। নানা ঘটনা ও দাবির প্রেক্ষিতে নির্বাচন পেছানোর আশঙ্কাও করছে শিক্ষার্থীরা।
এদিকে যারা মনোনয়ন উত্তোলন করেছেন তারা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে অচল অবস্থা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে পিছিয়ে রয়েছে রাবির ছাত্র সংগঠনগুলো। এমন অবস্থায় শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য এই রাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। রাকসুর নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের দাবি আদায়ে ভূমিকা রাখতে পারবে।
রাকসুর নির্বাচন কমিশনের প্রকাশিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে রাকসু নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার মনোনয়ন পত্র উত্তোলনের শেষ দিন। ৩১ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। এর পর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ২ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর।
আজ অর্থাৎ মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন জানিয়েছে, রাবির ১৭ টি হলের সংসদে প্রার্থী হিসেবে এ পর্যন্ত ১০০ জন মনোনয়নপত্র উত্তোলন করেছে। এছাড়া কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট মেম্বারের জন্য ২৮ জন মনোনয়ন তুলেছেন ৩ জন।
এরই মধ্যে ছাত্রদল দাবি জানিয়েছে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসুর ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা এবং ছাত্রলীগের সদস্যদের ভোটার তালিকা থেকে বাদ দেয়ার।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম জানান, দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের নানা দাবি আছে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন বৈঠকে বসে। পরবর্তীতে সাংবাদিকদের এ বিষয়ে তথ্য প্রদান করা হবে।




















