জীবননগর হাসাদাহে জামায়াত কর্মী হত্যা মামলার মূল আসামিসহ তিনজন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ২৯৫ বার পড়া হয়েছে

জীবননগর হাসাদাহে জামায়াত কর্মী হত্যা মামলার মূল আসামিসহ তিনজন গ্রেপ্তার
ডিবি পুলিশের অভিযানে জয়রামপুর এলাকা থেকে মেহেদী হাসান আটক, কারাগারে প্রেরণ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় জামায়াত–বিএনপি সংঘর্ষে জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার ঘটনায় মামলার মূল পরিকল্পনাকারীসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার জীবননগর থানা পুলিশ মামলার দুই আসামি আব্দুস সালাম ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। এর পর সোমবার (০২ মার্চ) ভোরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ-এর সাব-ইন্সপেক্টর আশরাফের নেতৃত্বে একটি দল দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে হত্যাকাণ্ডের মূল আসামি হাসাদাহ বাজারপাড়া এলাকার জসীমউদ্দীনের ছেলে মেহেদী হাসান (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার মেহেদী হাসানকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় নিহত হাফিজুর রহমানের ভাই আমির হোসেন বাদী হয়ে মোট ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।
হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

















