গোদাগাড়ীতে পদ্মার পানি দিয়ে সেচ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা
- আপডেট সময় : ০৮:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে পদ্মার পানি দিয়ে সেচ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা
বিএমডিএ’র পাইপলাইন প্রকল্পে স্বল্প খরচে সেচ সুবিধা, সৌরচালিত ব্যবস্থাও পর্যালোচনা
রাজশাহীর গোদাগাড়ীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পরিচালিত পদ্মা নদীর পানি ব্যবহার করে ভূ-উপরিস্থ সেচ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টায় তাঁরা উপজেলার সরমঙ্গলা খাড়ি ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
উপদেষ্টাদ্বয় বিএমডিএ’র আওতায় পদ্মা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে সরমঙ্গলা খালে পানি এনে কৃষিজমিতে সেচ কার্যক্রম এবং নেট মিটারিং সিস্টেমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এ সময় তাঁরা সরমঙ্গলা এলাকায় পরিবেশ সংরক্ষণে পলাশ ও ছাতিম গাছের চারা রোপণ করেন। এর আগে ভগবন্তপুর এলাকায় পদ্মা নদীর তীর পরিদর্শন এবং কলিপুর এলাকায় সৌর বিদ্যুৎচালিত সেচ ব্যবস্থার কার্যকারিতা যাচাই করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদাত রত্ন, সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
বিএমডিএ সূত্রে জানা যায়, এই প্রকল্পের মাধ্যমে এলাকার কয়েক হাজার হেক্টর জমিতে স্বল্প খরচে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


















