বগুড়ার সাবেক ইউপি চেয়ারম্যানের ৬ বছরের কারাদণ্ড!
- আপডেট সময় : ০১:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ ৩৮০ বার পড়া হয়েছে

বগুড়ার সাবেক ইউপি চেয়ারম্যানের ৬ বছরের কারাদণ্ড!
স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
বগুড়ার সাবেক ইউপি চেয়ারম্যানের ৬ বছরের কারাদণ্ড। বগুড়া জেলার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোঃ জিয়াউর রহমান এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর তালুকদারপাড়া গ্রামের বাসিন্দা ও নশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন বিএনপির সভাপতি জোবাইদুর রহমান ওরফে গামা (৫২)। ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই গ্রামের মাহফুজুর রহমান তালুকদারের ছেলে এবং নশিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান তালুকদার টুটুল বাদী হয়ে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলার সাজাপ্রাপ্ত আসামি ও বাদী দুজনেই সর্বশেষ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন এবং সেই নির্বাচনে তারা দুজনেই পরাজিত হন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নির্বাচনে ঘায়েল করতে আসামি জোবাইদুর রহমান একটি আপত্তিকর ভিডিও ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেটি জিয়াউর রহমানের ভিডিও বলে প্রচার করতে থাকেন। ভুয়া ওই ভিডিও দেখার পর মামলা করেছিলেন জিয়াউর। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, মামলার পর পুলিশ অভিযোগপত্র দিলে বিচারকাজ শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেছেন। আদালত তিনটি ধারায় আসামিকে তিন বছর, দুই বছর ও এক বছর করে মোট ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। প্রতিটি ধারাতেই কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা করে তাকে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজা একটার পর একটা কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী জিয়াউর রহমান।




















