মহাদেবপুরে দাঁতের ডাক্তারের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ!
- আপডেট সময় : ০৫:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ ১৮৩ বার পড়া হয়েছে

মহাদেবপুরে দাঁতের ডাক্তারের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে ভুল চিকিৎসায় হাসিবুর রহমান (৪) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে দাঁতের ডাক্তার প্রদীপ কুমারের বিরুদ্ধে। নিহত শিশু পাশ্ববর্তী পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের চান্দইল পশ্চিম পাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। এ বিষয়ে শিশুর বাবা ওই ডাক্তারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
থানা সূত্রে জানা যায়, রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হাসিবুর রহমানকে নিয়ে তার মা ও নানা দাঁতের চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলার গাহলী বাজারে অবস্থিত ডাঃ প্রদীপ কুমার মন্ডলের আশা ডেন্টাল কিওর হোম এ নিয়ে আসেন। দাঁত দেখার পর একটি দাঁতের কিছু অংশ পোকায় খেয়ে নিয়েছে জানিয়ে ডাঃ প্রদীপ দাঁতটি তুলে ফেলতে হবে বলে জানান। দাঁত তুললে তার ক্ষতি হবে এমন শঙ্কায় শিশুটির মা ও নানা দাঁত না তুলে চিকিৎসা করতে বলেন। কোন সমস্যা হবে না জানিয়ে ডাক্তার দাঁত তোলার প্রস্তুতি নেন। এ সময় শিশুটির মা দাঁত তুলতে নিষেধ করলেও ডাক্তার তা অমান্য করে শিশুটির দুই হাতে ও দাঁতে ইনজেকশন পুশ করে ক্ষত দাঁতটি তুলে ফেলেন। দাঁত তোলার পর শিশুটির মা লক্ষ্য করেন যে, তার ছেলের সারা শরীর নীল হয়ে গেছে। বিষয়টি তিনি ডাক্তারকে জানালে ডাক্তার জরুরী ভিত্তিতে শিশুটিকে অক্সিজেন দেয়া প্রয়োজন জানিয়ে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলেন। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দীন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে কর্তব্যে অবহেলা জনিত কারণে কথিত ওই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কথিত ডাক্তার প্রদীপ কুমার পলাতক রয়েছে বলেও জানান তিনি।


















