বাগাতিপাড়ায় স্কুল ছাত্র খুনের মামলায় প্রেমিকার মা গ্রেফতার!
- আপডেট সময় : ০৩:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ ২৪৯ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় স্কুল ছাত্র খুনের মামলায় প্রেমিকার মা গ্রেফতার!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় স্কুল ছাত্র খুনের মামলায় প্রেমিকার মা গ্রেফতার! নাটোরের বাগাতিপাড়ায় চাঞ্চল্যকর স্কুল ছাত্র জাহিদ হত্যা মামলায় প্রেমিকা রিয়ার মা মতিয়ারা(৩৯) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১১ সেপ্টেম্বর) সকালে নাটোর সদরের মোহন গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী পুলিশ অফিসার এসআই মোস্তফা কামাল জানান, গত ২৮ আগষ্ট জাহিদুল ইসলাম ওরফে জাহিদ নামের এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে সেই খুনের চারদিনের মাথায় রহস্য উদঘাটন করে পুলিশ। ওই ঘটনায় তার প্রেমিকাসহ ছয়জনকে আসামি করা হয়। তার নবম শ্রেণিতে পড়ুয়া প্রেমিকা রিয়া, তার ভাই রেজাউল করিম, বাবা মোবারক হোসেন এবং খালা মাসুরা বেগমকে গ্রেফতার করা হয়। সর্বশেষ রোববার সকালে তথ্যের ভিত্তিতে ওই প্রেমিকার মাকে গ্রেফতার করা হলো।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, বাগাতিপাড়ায় ছাত্র হত্যার ঘটনায় প্রেমিকার মাকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই মামলায় মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও মেয়ের খালাতো ভাই মাসুম আলী (২৪) পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, জাহিদুল নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাঁকফো নতুন পাড়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। নাটোর সদরের পিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের শিক্ষার্থী ছিলো জাহিদুল। সে নাটোরের লক্ষীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়িয়া এলাকায় তার নানা সামাদ আলীর বাড়ি থেকে পড়াশোনা করতো। গত ২৭ আগষ্ট শনিবার বিকেল ৩ টার দিকে প্রতিবেশী একজন কে জরুরি রক্ত দেওয়ার কথা বলে নানা বাড়ি থেকে বের হয়। তারপর ২৮ আগষ্ট (রোববার) সকালে তার বাবার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো এলাকার কালারা ব্রিজ সংলগ্ন মাঠে্র মাঝে মাটির রাস্তার উপর লাশ পাওয়া যায়।




















