গোমস্তাপুরে ১৮ বস্তা টিএসপি সার জব্দ, একজনকে ১০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১০:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

গোমস্তাপুরে ১৮ বস্তা টিএসপি সার জব্দ, একজনকে ১০ হাজার টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে সার পরিবহন এবং ক্রয়ের বৈধ রসিদ দেখাতে না পারায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবহন করা ১৮ বস্তা টিএসপি সার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার ৩০০ টাকা।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমান।
উপজেলা প্রশাসন জানায়, আক্কেলপুর এলাকায় অবৈধভাবে সার পরিবহনের সময় ইসমাইল নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় সারের বৈধ কাগজপত্র ও ক্রয়ের রসিদ দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা ১৮ বস্তা টিএসপি সার উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলামের জিম্মায় রাখা হয়। পরবর্তী সময়ে জিম্মাদাররা স্থানীয় প্রান্তিক কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সারগুলো বিক্রি করেন। বিক্রির মাধ্যমে আদায় করা ২৪ হাজার ৩০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য গ্রহণ করা হয়েছে।
কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন জানায়, বাজারে সারের কৃত্রিম সংকট রোধ, অবৈধ পরিবহন বন্ধ এবং কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সারের সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও আইনগত অভিযান অব্যাহত থাকবে।



















